বিদেশি ভাষা শেখাতে প্রবাসীদের পাশে সরকার

Sep 16, 2026 - 19:24
0 4
বিদেশি ভাষা শেখাতে প্রবাসীদের পাশে সরকার

বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ভাষা শেখাতে প্রবাসীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংককে এক হাজার কোটি টাকার তহবিল দেবে। ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। তবে রেমিট্যান্স পাঠানো প্রবাসীদের বড় অংশই এখনো অদক্ষ শ্রমিক। অভিবাসন খাতসংশ্লিষ্টরা বলছেন, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা বৃদ্ধির অন্যতম উপায় হলো সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানো। বিশেষ করে জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো নতুন বাজারে কাজের জন্য স্থানীয় ভাষায় দক্ষতা থাকা জরুরি।

নতুন উদ্যোগের আওতায় বিদেশে যাওয়ার পর ভাষা শেখার খরচও ঋণের মাধ্যমে মেটানো যাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানিয়েছেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের একটি চুক্তি হয়েছে। এর আওতায় এক হাজার কোটি টাকার তহবিল সরবরাহ করা হবে। এই অর্থ দিয়ে যেসব দেশে বাংলাদেশি কর্মীরা যাবেন, সেসব দেশের মৌলিক ভাষা শেখার জন্য সহায়তা দেওয়া হবে।

তবে শুধু ভাষা শেখার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নির্ধারণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ ও অভিবাসন বিশেষজ্ঞরা। সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী বলেছেন, ভাষা শেখার জন্য এত বড় অঙ্কের অর্থ প্রয়োজন কি না, তা বিবেচনা করা দরকার। সর্বোচ্চ সীমা নির্ধারণ করলে প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি অর্থ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম জানিয়েছেন, ঋণের অর্থ যাতে সঠিক কাজে ব্যবহার হয়, সে জন্য কঠোর শর্ত রাখা হয়েছে। জামানত ছাড়াই জাপানে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে। তবে এই অর্থ সরাসরি ঋণগ্রহীতার হিসাবে দেওয়া হবে না। জাপানের যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি ভাষা শেখার জন্য ভর্তি হবেন, ব্যাংক সরাসরি সেই প্রতিষ্ঠানে টিউশন ফি পরিশোধ করবে।

ভাষা শিক্ষা ছাড়াও অভিবাসন খাতের উন্নয়নে নিজেদের নীতিমালা অনুযায়ী এই তহবিল ব্যবহার করতে পারবে প্রবাসী কল্যাণ ব্যাংক। সরকার আশা করছে, এ উদ্যোগের মাধ্যমে দক্ষ কর্মী তৈরি হবে এবং নতুন শ্রমবাজারে প্রবেশ সহজ হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0
Online Desk

কর্মী, শিক্ষার্থী ও পেশাজীবীদের নিরাপদ ও সফল বিদেশযাত্রার লক্ষ্যে এটি সঠিক তথ্য, পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করাই এই গণমাধ্যমের লখ্য। দেশের ও প্রবাসের খ্যাতনামা গণমাধ্যমের অভিজ্ঞ সংবাদকর্মীদের নিয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি ইউটিউব, ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত অভিবাসনসংক্রান্ত আপডেট ও গাইডলাইন প্রকাশ করে আসছে।

Comments (0)

User